রমজান আসছে আবারও শীতের শেষভাগেই। ক্যালেন্ডারের পাতায় এখনো অনেকটা সময় বাকি থাকলেও ২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে, তা নিয়ে ইতিমধ্যে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব সামনে এসেছে। প্রাথমিক হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চাঁদ দেখার ওপর।
বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেলে পরদিন থেকে রোজা শুরু হবে। আর ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে প্রথম রোজা এক দিন পিছিয়ে ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার হতে পারে।
কেন প্রতিবছর রমজান এগিয়ে আসে?
রমজান নির্ধারিত হয় ইসলামী হিজরি চান্দ্রবর্ষ অনুযায়ী। এই ক্যালেন্ডারের বছর সৌরভিত্তিক গ্রেগরিয়ান বছরের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। ফলে প্রতি বছর রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০-১১ দিন আগে আসে।
এই কারণেই কয়েক বছরের ব্যবধানে রমজানকে বছরের বিভিন্ন ঋতুতে দেখা যায়। কখনো গরমের দীর্ঘ দিনে, কখনো বর্ষায়, আবার কখনো শীতের ছোট দিনে মুসলমানরা রোজা রাখেন। প্রায় ৩৩ বছরের একটি চক্রে রমজান বছরের সব ঋতুর মধ্য দিয়ে ঘুরে আসে।
যদি ৮ ফেব্রুয়ারিই প্রথম রোজা হয়, তাহলে শীতের তুলনামূলক ছোট দিন হওয়ায় রোজার দৈর্ঘ্য বছরের অন্যান্য সময়ের তুলনায় কম থাকবে। ঢাকার প্রাথমিক হিসাব অনুযায়ী প্রথম রোজায় সেহরি শেষ হওয়ার সময় ভোর ৫টা ১৯ মিনিটের কাছাকাছি এবং ইফতার প্রায় ৫টা ৪৯ মিনিটে হতে পারে।




