Skip to content
November 8, 2026
আজ চালু হচ্ছে নারীর জন্য বাস, স্টিয়ারিংও নারীর হাতে
দেশচিত্র

আজ চালু হচ্ছে নারীর জন্য বাস, স্টিয়ারিংও নারীর হাতে

In This Article

    জনজীবন ডেস্ক: রাজধানীতে আজ থেকে চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। ‘পিংক বাস’ নামে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হবে সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে।

    এই বাসের যাত্রী হবেন নারী। আর বাসের চালক ও কন্ডাক্টরও হবেন নারী।

    সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগের লক্ষ্য শুধু নারীদের জন্য আলাদা একটি বাস নামানো নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি বিষয়- পরিবহণ খাতে নারীর কর্মসংস্থান।

    ঢাকার গণপরিবহণে নারীর সংখ্যা কম নয়। প্রতিদিন অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা চাকরির সন্ধানে হাজারো নারীকে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়। কিন্তু সেই যাত্রায় ভিড়, আসনের সংকট এবং হয়রানির অভিযোগও কম নয়।

    তাই ‘পিংক বাস’-এর সামনে এখন মূল প্রশ্ন বাসটি গোলাপি কি না, তা নয়। প্রশ্ন হলো, এটি কতটা নিরাপদ, কতটা নিয়মিত এবং কতটা নির্ভরযোগ্য হয়।

    বিশেষ করে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য সময়সূচি গুরুত্বপূর্ণ। বাস যদি নির্দিষ্ট সময়ে আসে, নির্ধারিত রুটে চলে এবং পর্যাপ্ত সংখ্যায় পাওয়া যায়, তাহলে আলাদা এই সেবা ঢাকার দৈনন্দিন যাতায়াতে বাস্তব পরিবর্তন আনতে পারে।

    আর নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের বিষয়টি সফল হলে এর প্রভাব বাসের ভেতরের যাত্রীদের গণ্ডি ছাড়িয়ে যাবে। এতদিন যে পরিবহণ খাতে নারীর উপস্থিতি ছিল সীমিত, সেখানে নতুন একটি কর্মক্ষেত্র তৈরি হবে তাদের জন্য।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

    React:

    Leave a Comment

    Your email address will not be published.

    Theme by Jhinai Technologies