২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)। অনলাইনে আগামী ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ফরম পূরণের জন্য পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা সংগ্রহ ও তথ্য যাচাই করে নির্বাচিতদের তালিকা প্রিন্ট করবে। পরে পরীক্ষার্থী ও প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর নিয়ে ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
পরীক্ষার ফি হিসেবে তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ে ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে কেন্দ্র ফি দিতে হবে ৪৫০ টাকা। সব ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে সোনালী সেবায় জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানে ফি জমা দেওয়ার সুযোগ নেই।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি বা প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করা হবে না। তাই পরীক্ষার্থীদের ৯ নভেম্বরের মধ্যে ফরম পূরণ এবং ১০ নভেম্বরের মধ্যে ফি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।




