Skip to content
November 8, 2026
‘স্মৃতির মেঘলাভোরে’__আল মাহমুদ
বহমান সময়

‘স্মৃতির মেঘলাভোরে’__আল মাহমুদ

In This Article

    কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে
    মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;
    অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে
    ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।
    ফেলে যাচ্ছি খড়কুটো, পরিধেয়, আহার, মৈথুন–
    নিরুপায় কিছু নাম, কিছু স্মৃতি কিংবা কিছু নয়;
    অশ্রুভারাক্রান্ত চোখে জমে আছে শোকের লেগুন
    কার হাত ভাঙে চুড়ি? কে ফোঁপায়? পৃথিবী নিশ্চয়।
    স্মৃতির মেঘলাভোরে শেষ ডাক ডাকছে ডাহুক
    অদৃশ্য আত্মার তরী কোন ঘাটে ভিড়ল কোথায়?
    কেন দোলে হৃদপিণ্ড, আমার কি ভয়ের অসুখ?
    নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায়!
    আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার
    যদি হয় ভোরবেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার।

    • আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
    React:

    Leave a Comment

    Your email address will not be published.

    Theme by Jhinai Technologies